লেবাননে ইসরায়েলি হামলায় ১৩ নিরাপত্তা সদস্য নিহত, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১০:৪৭ এএম

ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, এতে দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর অন্তত ১৩ জন সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয় এই তথ্য নিশ্চিত করে।

প্রেসিডেন্ট জোসেফ আউন হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘চরম উস্কানিমূলক’ আখ্যা দিয়েছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সমঝোতা চলমান থাকলেও লেবানন সীমান্তে ইসরায়েলের এই হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষ করে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর আঘাত হানায় লেবানন সরকারের মধ্যে ক্ষোভ বেড়েছে।

এই ঘটনার মধ্যেই লেবানন ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য সরাসরি আলোচনার বিষয়টি সামনে এসেছে। প্রেসিডেন্টের কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিরতি কার্যকর হলে আগামী সপ্তাহে ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে লেবানন। শুক্রবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা অত্যন্ত বিরল ঘটনা। সাধারণত তারা যুক্তরাষ্ট্রের মতো তৃতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগ করে থাকে। ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির পর থেকেই এমন আলোচনার পরিবেশ তৈরির চেষ্টা চলছিল, তবে এখনো বৈঠকের নির্দিষ্ট সময় নির্ধারিত হয়নি।

বর্তমানে মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যুদ্ধবিরতির ব্যাখ্যা নিয়ে মতবিরোধ। ইরান ও লেবাননের দাবি, ওয়াশিংটনের সঙ্গে হওয়া সমঝোতায় লেবানন ফ্রন্টও অন্তর্ভুক্ত। তেহরান এই হামলাকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে।

অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, ইরানে হামলা বন্ধ থাকলেও লেবাননের অভিযান এই সমঝোতার আওতায় পড়ে না। তাদের দাবি, হিজবুল্লাহর হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবাননে অভিযান অব্যাহত থাকবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495