রাবিতে শিক্ষার্থীকে ছুরিকাঘাত ও প্রক্টরকে হুমকি ছাত্রদল নেতার
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০১:২৩ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় ছাত্রদল নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে হুমকি দেওয়ার অভিযোগও সামনে এসেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের প্যারিস রোড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে অভিযুক্ত ছাত্রদল নেতা অভিযোগ অস্বীকার করেছেন।
আহত শিক্ষার্থী হাসান বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত হাসিবুল ইসলাম হাসিব বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী ও প্রক্টর সূত্রে জানা যায়, সোমবার চারুকলা এলাকায় এক শিক্ষার্থী তার বান্ধবীকে নিয়ে বসে থাকলে দায়িত্বরত প্রহরী তাদের সেখান থেকে সরে যেতে বলেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে শিক্ষার্থীদের ধারণা, প্রহরী কারও নির্দেশে এমন আচরণ করেছেন এবং এ ধরনের ঘটনায় চাঁদাবাজির সংশ্লিষ্টতা থাকতে পারে।
এ ধরনের অভিযোগ আগেও উঠেছে বলে জানা যায়, যেখানে কিছু শিক্ষার্থী কাপলদের লক্ষ্য করে হয়রানি করে অর্থ আদায়ের চেষ্টা করে। বিষয়টি সোমবারই বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাধান করলেও, রাতের ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ রয়েছে, ওই ঘটনার জেরে ছাত্রদল নেতা হাসিব বহিরাগতদের নিয়ে এসে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেন।
সংস্কৃত বিভাগের শিক্ষার্থী আক্তার জানান, তারা একটি জুসের দোকানে বসে ছিলেন। এ সময় হাসিবকে উত্তেজিত অবস্থায় সেখানে আসতে দেখা যায়। পরে কথা কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি থেকে মারামারির ঘটনা ঘটে।
ভুক্তভোগী হাসানের দাবি, আগের দিন থেকেই হাসিব তাকে ফোনে হুমকি দিয়ে আসছিলেন। ঘটনার রাতে তিনি বড় ভাই ও বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে বসে থাকাকালে হাসিব বহিরাগতদের নিয়ে এসে ছুরি দিয়ে হামলা চালান। এতে তিনি ছাড়াও তার সঙ্গে থাকা কয়েকজন আহত হন। তিনি আরও দাবি করেন, এর আগে প্রক্টরকেও হুমকি দেওয়া হয়েছিল।
অভিযোগ অস্বীকার করে হাসিবুল ইসলাম হাসিব বলেন, তিনি অসুস্থ থাকায় ক্যাম্পাসে যাননি। পরীক্ষা শেষে সরাসরি বাসায় ফিরে যান এবং পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার কথা জানতে পারেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, আগের ঘটনার সমাধান করা হলেও নতুন করে এ ধরনের সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভুক্তভোগীরা অভিযোগ করলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, অভিযুক্তরা প্রশাসনকেও হুমকি দেওয়ার চেষ্টা করেছে।