কুমিল্লা পলিটেকনিকে ‘গুপ্ত’ বলায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩২

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০২:১৫ পিএম

ছবি: সংগৃহীত

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ‘গুপ্ত’ শব্দ ব্যবহারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে ক্যাম্পাসে এ সংঘর্ষের সূত্রপাত হয়। ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দিনের বেলায় দেয়াল লিখনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে রাতে ‘গুপ্ত’ বলাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে উভয় গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ছাত্রশিবিরের অন্তত ২০ জন এবং ছাত্রদলের ১২ জন আহত হওয়ার দাবি করা হয়েছে।

আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা জোরদার করা হয়।

আহতদের মধ্যে মেকানিক্যাল টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান মো. জাফর ইকবাল, সাংবাদিক খালিদ, আবু রজিন, শুভ, মারুফ ও তুহিনসহ আরও অনেকে রয়েছেন।

আহত আবু রজিন অভিযোগ করেন, অধ্যক্ষ ছাত্রদলের নেতাকর্মীদের উস্কানি দিয়েছেন। তিনি বলেন, অধ্যক্ষের কক্ষ থেকে তাকে মারধর করে বাইরে নিয়ে যাওয়া হয় এবং তার সহকর্মীদের ওপরও হামলা চালানো হয়। ক্যাম্পাসে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেওয়ার অভিযোগও করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ছাত্রদলকে ইন্ধন দেওয়ার অভিযোগ সঠিক নয়। বরং দুই পক্ষের সংঘর্ষে তার কক্ষেও হামলার ঘটনা ঘটেছে এবং তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন।

ছাত্রশিবিরের কুমিল্লা মহানগর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত জানান, ছাত্রদলের হামলায় তাদের সংগঠনের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদেরও অনেকেই আহত হয়েছেন। গুরুতরদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।

অন্যদিকে পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক ইমন হোসেন দাবি করেন, দেয়াল লিখন নিয়ে দিনের বিরোধের জেরে রাতে বহিরাগতদের নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়েছে। এতে তাদের ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী বলেন, ‘গুপ্ত’ বলাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানান, সংঘর্ষের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495