ছাত্রদলের হামলা: ঢাবির হল সংসদ নেতার কানের পর্দা ফেটে গুরুতর আহত

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলায় হল সংসদের এক নেতার কানের পর্দা ফেটে গেছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী হলেন হাজী মুহাম্মদ মুহসিন হল সংসদের সংস্কৃতি সম্পাদক মোঃ জুলহাস ইসলাম। শনিবার (২৫ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

জুলহাস ইসলাম পেশাগতভাবে ডেইলি পোস্টে সাব-এডিটর হিসেবে কর্মরত। ফেসবুক পোস্টে তিনি জানান, চিকিৎসা প্রতিবেদন হাতে পেয়েছেন এবং তাতে তার কানের পর্দা ফেটে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। এ ঘটনায় তিনি ছাত্রদলকে দায়ী করেন এবং বিষয়টি নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্যও করেন।

একই পোস্টে তিনি আরও লেখেন, ছাত্রদলের আহ্বায়ক হিসেবে পরিচিত এক বন্ধুর প্রতি তার ব্যক্তিগত কোনো ক্ষোভ নেই। তবে ভবিষ্যতে এ ঘটনার জন্য অনুশোচনা হতে পারে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে তারেক রহমান ও তার মেয়েকে জড়িয়ে একটি সম্পাদিত ফেসবুক পোস্ট ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে শাহবাগ থানায় পেশাগত দায়িত্ব পালন করতে গেলে ঢাবি সাংবাদিক সমিতির নেতাদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

এই হামলায় ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্তত ১০ জন সাংবাদিক আহত হন বলে জানা গেছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495