বিদ্যুৎহীনতায় চবিতে মোবাইলের আলোয় পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩১ এএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ভিন্নধর্মী পরিস্থিতিতে পড়তে হয়েছে শিক্ষার্থীদের। আলো না থাকায় মোবাইল ফোনের লাইট জ্বালিয়েই পরীক্ষা দিতে দেখা গেছে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের।

মঙ্গলবার (২৮ এপ্রিল) পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের একাধিক বিভাগে এমন চিত্র দেখা যায়। জানা গেছে, বাংলাদেশ স্টাডিজ, আধুনিক ভাষা ইনস্টিটিউট ও দর্শন বিভাগের শিক্ষার্থীরা অন্ধকার কক্ষে মোবাইলের আলো ব্যবহার করে পরীক্ষা সম্পন্ন করেন। তবে আন্তর্জাতিক সম্পর্ক ও মনোবিজ্ঞান বিভাগে আইপিএস সুবিধা থাকায় সেখানে স্বাভাবিক আলোতেই পরীক্ষা নেওয়া সম্ভব হয়।

এদিকে, আধুনিক ভাষা ইনস্টিটিউটের জিইডি ০০৪ (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) কোর্সের প্রাকটিক্যাল পরীক্ষা কম্পিউটারে নেওয়ার কথা থাকলেও বিদ্যুৎ না থাকায় তা পরিবর্তন করে খাতায় লিখে জমা দিতে হয় শিক্ষার্থীদের।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, শুরুতে কম্পিউটারে পরীক্ষা দেওয়া শুরু হলেও বিদ্যুৎ চলে যাওয়ায় শেষ পর্যন্ত খাতায় লিখে প্রাকটিক্যাল জমা দিতে হয়েছে।

আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক মেহরাব রহমান বলেন, পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক করা হয় এবং কিছু সময় অপেক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যাতে বিদ্যুৎ ফিরে আসে কি না তা দেখা যায়। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টাও করা হয়।

তিনি আরও জানান, কোর্স শিক্ষক আংশিক প্রাকটিক্যাল সম্পন্ন হওয়ায় বাকি অংশ খাতায় লিখে জমা দেওয়ার সিদ্ধান্ত দেন, যা পরবর্তীতে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়।

কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক মো. ইকবাল শাহীন খান বলেন, হঠাৎ প্রাকৃতিক কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হলেও পরীক্ষার সময় কঠোর নজরদারি থাকায় কোনো ধরনের অনিয়মের সুযোগ ছিল না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর মোহাম্মদ শামীম উদ্দিন খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495