জকসু ক্রীড়া সম্পাদককে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেত্রী

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পিএম

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইনডোর গেমস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে ঘিরে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমকে প্রকাশ্যে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেত্রী সাদিয়া সুলতানা নেলীর বিরুদ্ধে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা গেছে, ইনডোর গেমসের ক্যারম প্রতিযোগিতার ফাইনালে অংশ নেয় দুটি দল। এর মধ্যে একটি দলে ছিলেন সাদিয়া সুলতানা নেলী। অপর দলে ভিন্ন বিভাগের দুই শিক্ষার্থী অংশ নেওয়ায় খেলার নিয়ম ভঙ্গের অভিযোগ ওঠে।

এ পরিস্থিতিতে জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈম খেলা স্থগিত রাখা অথবা উভয় দলকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করার প্রস্তাব দেন। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক ও পাল্টাপাল্টি অভিযোগ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পুরস্কার বিতরণী চলাকালে নেলী ক্রীড়া সম্পাদককে ডেকে আলাদা করে কথা বলেন এবং তাকে হুমকি দেন। পরে জর্জিস আনোয়ার নাঈম ধন্যবাদ জানালে নেলী সবার সামনে তাকে থাপ্পড় মারেন।

এ বিষয়ে ভুক্তভোগী জর্জিস আনোয়ার নাঈম জানান, তিনি অনিয়মের কারণে নিরপেক্ষ সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু এর জেরে তাকে হুমকি দেওয়া হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত হতে হয়েছে। তিনি আরও বলেন, বিষয়টি উপাচার্যকে জানালে তাকে প্রক্টরের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

অন্যদিকে, ঘটনার সত্যতা স্বীকার করেছেন অভিযুক্ত সাদিয়া সুলতানা নেলী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, খেলায় স্বজনপ্রীতির কারণে তিনি এ পদক্ষেপ নিয়েছেন। ভবিষ্যতেও এমন পরিস্থিতি তৈরি হলে আরও কঠোর প্রতিক্রিয়া দেখানোর হুঁশিয়ারিও দেন তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাসির উদ্দীন বলেন, তিনি সরাসরি ঘটনাটি দেখেননি, তবে শুনেছেন। ইতোমধ্যে জকসুর নেতারা উপাচার্যের সঙ্গে আলোচনা করেছেন এবং বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495