মিরপুরে বহুতল বাণিজ্যিক ভবনে আগুন, বিমানবাহিনীর দুই সদস্যের মর্মান্তিক মৃত্যু
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৭:২৮ পিএম
রাজধানীর মিরপুর–২ নম্বর এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর দুই সদস্যের মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মঙ্গলবার সকালে মিরপুর থানায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ বাংলাদেশ বিমানবাহিনীর কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
নিহতরা হলেন বাংলাদেশ বিমানবাহিনীর সদস্য আয়েশা সিদ্দিকা অন্যন্যা এবং শেখ রাকিবুজ্জামান। তাদের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সহকর্মী ও স্বজনদের মাঝে।
জানা গেছে, আয়েশা সিদ্দিকা অন্যন্যার বাড়ি নীলফামারীর সৈয়দপুরে। তার বাবা পেশায় অটোরিকশা চালক। অন্যদিকে শেখ রাকিবুজ্জামানের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায়।
বর্তমানে হাসপাতালে অবস্থান করছেন আয়েশা সিদ্দিকা অন্যন্যার মামা। পরিবারের অন্য সদস্যরা নীলফামারীর সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।
সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বিমানবাহিনী নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর আগে সোমবার দুপুরে রাজধানীর মিরপুর–২ এলাকায় ১১ তলা একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।