আওয়ামী পেশাজীবী কমিটির ইফতার মাহফিলে প্রধান অতিথি বিএনপির এমপি
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০১:১৪ এএম
আওয়ামীপন্থী পেশাজীবীদের নেতৃত্বে থাকা বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়াকে কেন্দ্র করে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালামের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। রোববার (১৬ মার্চ) রাজধানীর আসাদগেট এলাকার ফ্যামিলি ওয়ার্ল্ড টাওয়ারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অভিযোগ রয়েছে, বিএনপিপন্থী আরেক পেশাজীবী সংগঠন মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কয়েকজন নেতা তথ্য গোপন করে তাকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নিয়ে যান। ইফতার মাহফিলে ওই সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
সর্বশেষ ২০২৩ সালে বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে গাজী সাইফুল ইসলাম সভাপতি এবং মো. জহিরুল ইসলাম মহাসচিব নির্বাচিত হন। তারা আওয়ামীপন্থী হিসেবে পরিচিত। ওই সময় বিএনপিপন্থী ফার্মাসিস্টরা সংগঠনের ভেতরে অনেকটাই কোণঠাসা অবস্থায় ছিলেন বলে সংশ্লিষ্টরা জানান।
রোববারের ইফতার মাহফিলে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি একে মুসা লিটন, সিনিয়র সহসভাপতি ও বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি খাজা মাইনুদ্দিন মুঞ্জু, মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব, সিনিয়র যুগ্ম মহাসচিব দবির উদ্দিন তুষারসহ আরও কয়েকজন নেতা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত বিএনপিপন্থী কয়েকজন কর্মকর্তার অভিযোগ, তথ্য গোপন করেই সংসদ সদস্য আব্দুস সালামকে আওয়ামীপন্থী ফার্মাসিস্টদের নেতৃত্বাধীন কমিটির অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, আওয়ামী লীগের সময়কার বিতর্কিত ভোটের মাধ্যমে এই কমিটি গঠিত হয়েছিল এবং তখন বিএনপিপন্থী নেতাকর্মীদের কোণঠাসা করা হয়। অথচ সেই কমিটির ইফতার মাহফিলে তথ্য গোপন করে বিএনপির একজন সংসদ সদস্যকে নিয়ে যাওয়া হয়েছে।
আরও অভিযোগ করা হয়, দলীয় প্রভাব খাটিয়ে সরকারি চাকরির দায়িত্ব ফাঁকি দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের সঙ্গে জড়িত রয়েছেন সংশ্লিষ্ট কয়েকজন নেতা। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে কোটি টাকার লেনদেনের অভিযোগও রয়েছে বলে দাবি করেন সংশ্লিষ্টরা।
এদিকে এসব অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে সংগঠনের মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব ও সিনিয়র যুগ্ম মহাসচিব দবির উদ্দিন তুষারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
তবে সংগঠনের সভাপতি একে মুসা লিটন বলেন, বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন একটি মূল সংগঠন। এখানে বিএনপি বা আওয়ামী লীগ এ ধরনের কোনো বিষয় নেই। আওয়ামীপন্থী হওয়ার অভিযোগটিকে তিনি গুজব বলেও দাবি করেন।