ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১০:২৪ এএম
রাজধানী ঢাকায় আজ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে করে আগের তুলনায় ভ্যাপসা গরমের অনুভূতি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে সংস্থাটির ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, আজ দুপুর পর্যন্ত ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সার্বিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। ফলে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এ সময় দক্ষিণ-পশ্চিম বা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যে জানা যায়, শনিবার সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। আর্দ্রতা বেশি থাকায় তাপমাত্রা সামান্য বাড়লেও গরমের অস্বস্তি বেড়ে যেতে পারে। গতকাল শুক্রবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা আজ ৩৩ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। আজ সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল রোববার ভোর ৫টা ৪০ মিনিটে সূর্যোদয় হবে।
এদিকে, সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যার মধ্যে রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।