আলোচনায় অগ্রগতি, মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১১:৪০ পিএম
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সরাসরি বৈঠকের ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যুদ্ধ বন্ধে চলমান আলোচনায় খামেনির ভূমিকা রয়েছে এবং দুই পক্ষের সম্পর্ক এখন ইতিবাচক দিকে অগ্রসর হচ্ছে।
বুধবার (৩ জুন) পড ফোর্স ওয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এ মন্তব্য করেন।
তিনি বলেন, আলোচনার অগ্রগতিতে মোজতবা খামেনির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং ইরানের রাজনৈতিক কাঠামোয় তিনি গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন। তিনি আরও বলেন, খামেনি অবশ্যই এই প্রক্রিয়ার অংশ এবং সবাই তাকে যথেষ্ট সম্মান করে।
ভবিষ্যতে বৈঠকের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, পরিস্থিতি কীভাবে এগোয় তার ওপর অনেক কিছু নির্ভর করছে, তবে কোনো একসময় সাক্ষাৎ হতে পারে।
ইরানের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে তিনি দাবি করেন, তেহরান পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে সম্মতি জানিয়েছে। তার মতে, এটিই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি।
ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিতে পারে না। ভবিষ্যতে তাদের অবস্থান পরিবর্তন হতে পারে, তবে বর্তমানে তারা ইতিবাচক বার্তা দিয়েছে।
এদিকে জানা গেছে, ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক অভিযান শুরু করেছিল, যা পরবর্তীতে সাময়িকভাবে স্থগিত হয়। বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় একটি দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা চলছে।
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগোচ্ছে এবং সামনের দিনগুলোতে ইতিবাচক ফল আসতে পারে।