আলোচিত তনু হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পিএম

ছবি: সংগৃহীত

বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাফিজুর রহমানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার দুপুরে কুমিল্লার প্রধান বিচারিক হাকিম আদালতের বিচারক আব্দুল্লাহ আমান এ আদেশ দেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে হাফিজুর রহমানকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ডে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা।

মামলার তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, রিমান্ডে আসামিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং কিছু তথ্য পাওয়া গেছে, যা যাচাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া হাফিজুর রহমানের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত বুধবার তদন্ত কর্মকর্তার আবেদনের পর কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত হাফিজুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত মঙ্গলবার রাতে রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে তদন্ত সংস্থার একটি দল। প্রায় এক দশক পর এ মামলায় এটি প্রথম গ্রেপ্তার, যা নতুন করে আলোচনায় এনেছে তনু হত্যাকাণ্ডকে।

তদন্ত সূত্রে আরও জানা গেছে, চলতি মাসের ৬ তারিখে মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা তিন সন্দেহভাজনের ডিএনএ নমুনা মিলিয়ে দেখার জন্য আদালতের অনুমতি চান। আদালতের নির্দেশনার পর তদন্তে গতি আসে এবং পরবর্তীতে গ্রেপ্তার অভিযান চালানো হয়।

উল্লেখ্য, ২০১৬ সালে সংঘটিত এ হত্যাকাণ্ডের পর থেকে মামলাটি দীর্ঘদিন ধরে বিচারাধীন রয়েছে। এ পর্যন্ত চারটি সংস্থার সাতজন তদন্ত কর্মকর্তা মামলাটি পরিচালনা করেছেন। অন্তত ৮০টির বেশি ধার্য তারিখ পার হলেও হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনে দীর্ঘদিন উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495