১২ মামলায় জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১১:২১ পিএম

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ১২টি মামলায় জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

আদালতের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে কারামুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার শিরিন আক্তার।

সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে দায়ের করা ১২টি মামলা বিচারাধীন রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে ঘিরে এসব মামলা করা হয়। গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

সিদ্ধিরগঞ্জ থানার দুটি মামলায় গত ৩০ এপ্রিল হাইকোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলেও ১৭ মে আপিল বিভাগের চেম্বার আদালত তাতে কোনো আদেশ দেননি।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া আরও ১০টি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। ফলে সব মিলিয়ে ১২টি মামলায় তার জামিন বহাল থাকায় সংশ্লিষ্ট আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

কারামুক্তির সময় তার আইনজীবী আওয়াদ হোসেন, অন্যান্য আইনজীবী এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন সেলিনা হায়াৎ আইভী। পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের পর টানা তিনবার মেয়র নির্বাচিত হন তিনি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495