মন্ত্রিপরিষদে ২৫ মন্ত্রী, কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়?

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে সরকার গঠনের প্রক্রিয়ায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন—এ সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

প্রকাশিত তালিকা অনুযায়ী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাচ্ছেন সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ইকবাল হাসান মাহমুদ টুকু।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে হাফিজ উদ্দিন আহমেদকে। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে টেকনোক্র্যাট কোটায় ড. খলিলুর রহমানকে।

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয় পেয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পাচ্ছেন আব্দুল আওয়াল মিন্টু। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে। ভূমি মন্ত্রণালয় পাচ্ছেন মিজানুর রহমান মিনু এবং সংস্কৃতি মন্ত্রণালয় পাচ্ছেন নিতাই রায় চৌধুরী।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে এহসানুল হক মিলনকে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পাচ্ছেন সরদার মো. সাখাওয়াত হোসেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ফকির মাহবুব আনামকে।

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন শেখ রবিউল আলম। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দেওয়া হচ্ছে আরিফুল হক চৌধুরীকে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জহির উদ্দিন স্বপন।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মোহাম্মদ আমিন উর রশিদ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় দেওয়া হচ্ছে আফরোজা খানমকে। পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পাচ্ছেন আসাদুল হাবিব দুলু। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় দেওয়া হচ্ছে মো. আসাদুজ্জামানকে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন জাকারিয়া তাহের এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পেয়েছেন দীপেন দেওয়ান।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495