রাতে কিশোররা অযাচিত ঘোরাঘুরি করলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে: শিক্ষামন্ত্রী
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯ পিএম
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, রাতে কিশোরদের রাস্তায় অযাচিত ঘোরাঘুরি বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করবে, এবং যদি কনস্টিটিউশনাল ভায়োলেন্স ঘটে, তা পরে দেখা হবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নিজের নির্বাচনী এলাকা চাঁদপুরের কচুয়ায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ নির্দেশনা দেন তিনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, “আমি জীবনে দুর্নীতি করবো না, কাউকে দুর্নীতি করতে দেবো না, এটি আমার প্রমিজ। আমার প্রমিজের সঙ্গে যারা থাকতে পারবেন না, তারা অন্যত্র বদলি হয়ে যান।” তিনি এই এলাকায় প্রশাসনিক ও শিক্ষাগত পরিবেশকে পবিত্র রাখার প্রতিশ্রুতি দেন।
এসময় চাঁদপুর জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার রবিউল হাসান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।