অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে সংসদে মারামারি শুরু হবে: এ্যানি

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পিএম

ছবি: সংগৃহীত

অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হলে সংসদে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, সংসদে বিরোধী দল কথা বলবে এবং সরকারি দল তার জবাব দেবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে কেউ যদি অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেয়, তাহলে সংসদে বিশৃঙ্খলা ও হাতাহাতির মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শনিবার বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের কাশিপুর-ডামোশ গ্রাম এলাকায় প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে দেশে খাল খনন কর্মসূচি শুরু করেন, যা ১৯৮০ সাল পর্যন্ত ব্যাপক জনপ্রিয়তা পায়। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার সময়ও এ কর্মসূচি চলমান ছিল বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় এই কার্যক্রম বন্ধ থাকায় দেশের অনেক খাল পলিতে ভরাট হয়ে গেছে এবং দখলের শিকার হয়েছে। খালের জমি দখল করতে হলে জেলা প্রশাসনের অনুমতি প্রয়োজন হলেও অতীতে এসব নিয়ম মানা হয়নি বলে তিনি অভিযোগ করেন।

পানিসম্পদ মন্ত্রী দাবি করেন, অতীতে খাল খনন কার্যক্রম জোরদার থাকায় দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল। খাল পুনঃখননের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়বে এবং কৃষকেরা উপকৃত হবেন বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, অতীতে রাজনৈতিক সহিংসতা, গুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে অনেক নেতাকর্মীকে। তবে ২০২৪ সালের জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে তিনি দাবি করেন।

অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, অসমাপ্ত কাজ শেষ করতে ৩১ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যেখানে সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ক্ষমতায় গেলে সারাদেশে নদী, খাল ও জলাশয় পুনঃখনন ও পুনরুদ্ধারের অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

এছাড়া তিনি জানান, কৃষকদের স্বার্থে প্রায় এক হাজার পাঁচশ কোটি টাকার কৃষিঋণ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষিকে দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে তিনি কৃষকদের সহায়তা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে খালগুলোতে জলাবদ্ধতা ও সেচ সংকট দেখা দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। খাল দখল ও অনিয়মের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি গ্রহণের ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী শাহজাহান সিরাজ, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানসহ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

প্রকল্প সূত্রে জানা গেছে, প্রায় এক কোটি একান্ন লাখ টাকার এই খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়িত হলে সরাসরি পাঁচ হাজারের বেশি মানুষ উপকৃত হবেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495