পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পিএম

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তা, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। যুগ যুগ ধরে এ দিনটি নতুনের আহ্বান নিয়ে ফিরে আসে এবং পুরোনো জীর্ণতা ও গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষে সোমবার দেওয়া এক বাণীতে তিনি এ কথা জানান। বাণীতে তিনি দেশবাসীসহ বিশ্বের সব বাংলাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানিয়ে বলেন, বিদায় ১৪৩২, স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩।

প্রধানমন্ত্রী বলেন, পহেলা বৈশাখের সঙ্গে এ অঞ্চলের কৃষি, প্রকৃতি এবং কৃষিনির্ভর অর্থনীতির গভীর সম্পর্ক রয়েছে। প্রযুক্তির উন্নত সময়েও কৃষকরা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে ফসল উৎপাদনের সময় নির্ধারণ করেন। হাজার বছরের ঐতিহ্য, লোকজ সংস্কৃতি ও মূল্যবোধ পহেলা বৈশাখের মাধ্যমে নতুন করে জাগ্রত হয়।

তিনি আরও বলেন, বৈশাখী মেলা, শোভাযাত্রা ও হালখাতার মতো আয়োজন আমাদের সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরে এবং জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করে। বাংলা নববর্ষ নতুন সম্ভাবনা ও প্রত্যাশার দুয়ার খুলে দেয়, যেখানে প্রকৃতির নবজাগরণ ও মানুষের আশাবাদ মিলেমিশে সৃষ্টি করে উৎসবমুখর পরিবেশ।

সরকারের কার্যক্রম প্রসঙ্গে তারেক রহমান বলেন, দীর্ঘ সময়ের শাসনব্যবস্থার অবসানের পর নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকার জনগণের জীবনমান উন্নয়নে কাজ শুরু করেছে। নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড, খাল খনন এবং ধর্মীয় ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তা কর্মসূচি চালু করা হয়েছে।

তিনি জানান, বাংলা নববর্ষ থেকেই কৃষকদের জন্য বিশেষ ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু হচ্ছে, যা দেশের কৃষি ও কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, দেশের মানুষের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ, সহনশীলতা ও সম্প্রীতির চর্চা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে শান্তি, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের গুরুত্ব আরও বেড়েছে।

তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, নতুন বছরে সংকীর্ণতা ও স্বার্থপরতা পরিহার করে মানবকল্যাণে এগিয়ে আসতে হবে। নতুন উদ্যমে আগামীর পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করতে হবে।

সবশেষে তিনি বলেন, বাংলা নববর্ষ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495