সংসদে মহানবী (সা.) নিয়ে কটুক্তিকারীদের মৃত্যুদণ্ডের বিধান চাইলেন হানজালা
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১০:০২ এএম
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিকারীদের জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য আবু সায়েদ মোহাম্মদ হানজালা।
বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি তোলেন।
বক্তব্যে হানজালা তার নির্বাচনী এলাকার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এ অঞ্চল ব্রিটিশবিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এবং সেই সময়ের আন্দোলনে স্থানীয় ব্যক্তিত্বদের অবদান অনস্বীকার্য।
তিনি হাজী শরীয়াতুল্লাহর আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, ওই সময়ের কৃষক ও মুসলমানরা নির্যাতনের শিকার ছিলেন। ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে গড়ে ওঠা আন্দোলনই পরবর্তীতে বড় ধরনের ঐতিহাসিক পরিবর্তনের পথ তৈরি করে।
সংসদে দাঁড়িয়ে হানজালা বলেন, তিনি কেবল নিজের এলাকার কথা বলতে আসেননি, বরং একটি বৃহৎ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছেন। তার মতে, দেশের আলেম সমাজ তাদের দিকে তাকিয়ে আছে এবং তাদের কণ্ঠ সংসদে তুলে ধরা জরুরি।
মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির বিষয়ে তিনি বলেন, দেশে কিছু ব্যক্তি নবীকে অস্বীকার ও অবমাননা করছে, যা মুসলমানদের জন্য অত্যন্ত সংবেদনশীল বিষয়।
প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন একটি রাষ্ট্রীয় আইন বা অবস্থান প্রয়োজন যেখানে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি বা অস্বীকারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সংসদ থেকেও এ বিষয়ে স্পষ্ট ঘোষণা আসা উচিত বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, মহানবী (সা.)-এর শানে অবমাননা মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। তাই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর আইন প্রণয়ন জরুরি। তার মতে, কটূক্তিকারীদের জন্য মৃত্যুদণ্ডের বিধান রাখা উচিত।
একই আলোচনায় তিনি দেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া, বক্তব্যের এক পর্যায়ে তিনি স্থানীয় একটি হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিও জানান।