উপজেলায় অফিস পেয়ে সরকারের কাছে গাড়ি চাইলেন হাসনাত আব্দুল্লাহ

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পিএম

ছবি: সংগৃহীত

উপজেলায় অফিস বরাদ্দ পাওয়ার পর এবার যাতায়াত সহজ করতে সরকারের কাছে গাড়ি চেয়েছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিয়ে তিনি এ দাবি উত্থাপন করেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে অফিস বরাদ্দ দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে নির্বাচনী এলাকায় কার্যক্রম পরিচালনায় গাড়ির প্রয়োজনীয়তার বিষয়টিও তুলে ধরেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রতিটি উপজেলায় নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানের জন্য সরকারি গাড়ির ব্যবস্থা থাকলেও সংসদ সদস্যদের জন্য এমন কোনো সুবিধা নেই। ফলে অনেক সময় ভাড়া করা গাড়িতে এলাকায় যাতায়াত করতে হয়, যা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করে। জনগণের কাছে দ্রুত ও সহজে পৌঁছাতে সংসদ সদস্যদের জন্য একটি গাড়ির ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু থেকেই সংসদ সদস্যদের জন্য অতিরিক্ত সুযোগ-সুবিধা গ্রহণ না করার নির্দেশনা দিয়ে আসছেন। এমনকি আইন সংশোধনের মাধ্যমে করমুক্ত গাড়ির সুবিধা বাতিলের বিষয়টিও বিবেচনায় রয়েছে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে জ্বালানি তেলের বরাদ্দ কমানোসহ বিভিন্ন খাতে ব্যয় সংকোচন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তবে বিষয়টি নিয়ে সরকার ও বিরোধী দলের সঙ্গে আলোচনা করে কোনো সমাধানে পৌঁছানো যায় কি না, সে বিষয়ে প্রধানমন্ত্রীর নজরে আনা হবে বলে জানান মন্ত্রী।

পরে বিরোধী দলের নেতা ড. শফিকুর রহমান আলোচনায় অংশ নিয়ে হাসনাত আব্দুল্লাহর দাবিটি বিবেচনার জন্য সরকারপক্ষকে ধন্যবাদ জানান। রসিকতার ছলে তিনি বলেন, তরুণদের আবদারে সরাসরি ‘না’ বলা সবসময় ঠিক নয়। এ ধরনের বিষয়ে ইতিবাচক আশ্বাস দিলে ভালো হতো বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ভালো কোনো সিদ্ধান্তের আশায় মিষ্টি খাওয়ানোর প্রস্তুতি থাকলেও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে কিছুটা হতাশ হয়েছেন। এ সময় সংসদে হাস্যরসের পরিবেশ সৃষ্টি হয়।

আলোচনার একপর্যায়ে স্পিকার স্মরণ করিয়ে দেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যের শেষাংশে বিষয়টি বিবেচনার কথা উল্লেখ করেছেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495