ধান ৩৬, সেদ্ধ চাল ৪৯, আতপ চাল ৪৮ টাকায় কিনবে সরকার
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পিএম
চলতি বছরে কৃষকদের কাছ থেকে ৫ লাখ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা। পাশাপাশি সেদ্ধ চাল ৪৯ টাকা, আতপ চাল ৪৮ টাকা এবং গম ৪০ টাকা দরে সংগ্রহ করা হবে।
বুধবার (২২ এপ্রিল) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরে তথ্য অধিদপ্তরের সভা কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ৩ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত বোরো ধান ও গম সংগ্রহ কার্যক্রম চলবে। আর ১৫ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত চাল সংগ্রহ করা হবে।
তিনি আরও জানান, বর্তমানে দেশে পর্যাপ্ত চাল মজুত রয়েছে। সরকারি গুদামে এখন প্রায় ১৭ থেকে ১৮ লাখ টন চাল সংরক্ষিত আছে।
এছাড়া এবারের মৌসুমে ৫ লাখ টন ধান, ১২ লাখ টন সেদ্ধ চাল, ১ লাখ টন আতপ চাল এবং ৫০ হাজার টন গম সংগ্রহের পরিকল্পনা রয়েছে।
গত বছরও একই দামে ধান ও চাল সংগ্রহ করা হয়েছিল বলে জানা গেছে।
তবে কৃষি সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান উৎপাদন খরচ বিবেচনায় এই সংগ্রহ মূল্য যথেষ্ট কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাদের মতে, কৃষকরা যেন ন্যায্য মূল্য পান সে বিষয়ে সরকারের আরও মনোযোগ দেওয়া জরুরি।