অধিবেশন চলাকালে অসুস্থ জামায়াত এমপি, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের এমপি হাফেজ রবিউল বাশার। তাৎক্ষণিকভাবে তাকে সংসদ লবিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম পর্বে দুপুর প্রায় ১টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। অসুস্থ হয়ে পড়লে সহকর্মী সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীদের সহায়তায় তাকে দ্রুত অধিবেশন কক্ষ থেকে লবিতে সরিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় সংসদ কক্ষে সাময়িক উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বক্তব্য দেওয়ার সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ তাকে থামিয়ে বিষয়টি সবার সামনে তুলে ধরেন। এতে উপস্থিত সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং সরকার ও বিরোধী দলের সদস্যরা তাৎক্ষণিকভাবে সহায়তায় এগিয়ে আসেন।

এ সময় স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, একজন সংসদ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তিনি দ্রুত চিকিৎসকের ব্যবস্থা করার নির্দেশ দেন। পরে লবিতে নিয়ে হাফেজ রবিউল বাশারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে অসুস্থ এমপি হাফেজ রবিউল বাশারের শারীরিক অবস্থার খোঁজ নেন। পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে নির্দেশনাও দেন।

এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ অন্যান্য হুইপরা উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495