এমপিওভুক্ত শিক্ষকদের আমরণ অনশন আজ থেকে, বাড়ছে কর্মবিরতির তীব্রতা
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১১:৫৬ এএম
সরকারি সিদ্ধান্তে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ বা ন্যূনতম ২ হাজার টাকা নির্ধারণের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। তারা সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টা থেকে আমরণ অনশন শুরু করার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান কর্মবিরতি আরও জোরদার করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগ থেকে জারি করা অফিস আদেশে জানানো হয়, বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ বা সর্বনিম্ন দুই হাজার টাকা হারে প্রদান করা হবে। কিন্তু শিক্ষকরা এ সিদ্ধান্তকে অযৌক্তিক ও অবমাননাকর হিসেবে দাবি করে তা প্রত্যাখ্যান করেন।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর বাড়ি ভাড়া ভাতা মাত্র ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছিল। পরে ৫ অক্টোবর সেটি প্রকাশের পর শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করে আন্দোলনে নামে। শিক্ষা মন্ত্রণালয় পরে অর্থ মন্ত্রণালয়ে ভাতা ২ থেকে ৩ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব পাঠালেও, চূড়ান্ত সিদ্ধান্তে তাতে সাড়া মেলেনি।
রোববার বিকেলে শিক্ষক-কর্মচারীরা রাজধানীতে ‘ভুখা মিছিল’ কর্মসূচি পালন করতে গেলে শহীদ মিনার থেকে শিক্ষা ভবনের পথে হাইকোর্টের মাজার গেট এলাকায় পুলিশ ও বিজিবির বাধার মুখে পড়েন। বাধা পেয়ে তারা বিকেল সাড়ে ৪টার দিকে শহীদ মিনারে ফিরে এসে অবস্থান কর্মসূচি শুরু করেন।
সন্ধ্যায় আয়োজিত সমাবেশে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী ঘোষণা দেন, সোমবার সকাল ১০টা থেকে শিক্ষকরা আমরণ অনশন শুরু করবেন। তিনি বলেন,
“আমরা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের আহ্বান প্রত্যাখ্যান করছি। তার প্রতি কোনো আস্থা নেই। এখন আমরা সরাসরি প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি।”
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা, এবং উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশে উন্নীত করার দাবিতে ১২ অক্টোবর থেকে আন্দোলন করে আসছেন।