যুক্তরাষ্ট্রে নিহত নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৬:২৯ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় নিহত নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২টায় আয়োজিত জানাজায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এ সময় মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের এক প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

জানাজা শেষে বৃষ্টির মরদেহ একটি ফিউনারেল সংস্থার কাছে হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট সংস্থা বৃহস্পতিবার ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ ঢাকার উদ্দেশে পাঠাবে।

জানা গেছে, নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। মরদেহ পাঠানোর সময় অরল্যান্ডো বিমানবন্দরে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের সঙ্গে সমন্বয় করে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে পুরো বিষয়টি তদারকি করছে বলে জানা গেছে।

এর আগে নির্মম হত্যাকাণ্ডের শিকার জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর সব ব্যয় বহনের ঘোষণা দেয় বাংলাদেশ সরকার। গত ৪ মে জামিল লিমনের মরদেহ ঢাকায় পৌঁছায়। প্রধান উপদেষ্টা তারেক রহমানের নির্দেশনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ জামিলের পরিবারের কাছে হস্তান্তর করেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495