ঈদযাত্রায় বাস টিকিট বিক্রি শুরু, ট্রেনের অগ্রিম টিকিট মিলবে ১৩ মে থেকে
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৭:২৯ পিএম
আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা প্রস্তুতি শুরু হয়ে গেছে। এরই মধ্যে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে বিভিন্ন বাস কাউন্টার ও অনলাইন প্ল্যাটফর্মে যাত্রীরা টিকিট সংগ্রহ করছেন।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২১ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার টিকিট অগ্রিম বিক্রি করা হচ্ছে। সেই হিসেবে ৮ মে থেকেই ২১ মে ও পরবর্তী দিনের বাস টিকিট কিনতে পারছেন যাত্রীরা।
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে যাত্রীদের ভিড় দেখা গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২৪ মে রাত, ২৫ মে সারাদিন এবং ২৬ মে সকালের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। কারণ ২৫ মে থেকে সরকারি ছুটি শুরু হওয়ায় ওই সময় বাড়ি ফেরার চাপ বাড়বে।
শ্যামলী এন আর ট্রাভেলসের জেনারেল ম্যানেজার জীবন চক্রবর্তী বলেন, কাউন্টারের পাশাপাশি অনলাইনেও যাত্রীদের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।
এদিকে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। বিআরটিএ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না বলে জানানো হয়েছে। পাশাপাশি প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা টাঙিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। অনলাইন টিকিট বিক্রিতেও নির্ধারিত ভাড়াই কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সূচি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৩ মে থেকে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। ওইদিন ২৩ মে যাত্রার টিকিট পাওয়া যাবে।
রেলপথ মন্ত্রণালয়ের প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম। ঘোষিত সূচি অনুযায়ী, ১৪ মে বিক্রি হবে ২৪ মের টিকিট, ১৫ মে ২৫ মের, ১৬ মে ২৬ মের এবং ১৭ মে পাওয়া যাবে ২৭ মের যাত্রার টিকিট।
আগের নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।
এছাড়া ঈদ শেষে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। সেদিন ৩১ মে যাত্রার ফিরতি টিকিট পাওয়া যাবে। পর্যায়ক্রমে ২৫ মে পর্যন্ত ফিরতি টিকিট বিক্রি চলবে।