দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি করবে না বিএনপি: মির্জা ফখরুল
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৭:১৭ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফারাক্কা চুক্তি কোনো নির্দিষ্ট সময়ের জন্য করা উচিত নয়। নতুন কোনো চুক্তি না হওয়া পর্যন্ত বিদ্যমান চুক্তি কার্যকর রাখা প্রয়োজন। অন্যথায় সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।
শনিবার (১৬ মে) বিএনপির উদ্যোগে ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি বিএনপি সরকার করবে না। বিভিন্ন দেশ ও শক্তির চাপ বা ভ্রুকুটি উপেক্ষা করেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ার যে সুযোগ তৈরি হয়েছে, তা অনেকটাই ফারাক্কা চুক্তির সফল সমাধানের ওপর নির্ভর করছে। তবে দেশের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন কোনো চুক্তিতে বিএনপি যাবে না বলেও তিনি স্পষ্ট করেন।
আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন। তিনি ফারাক্কা ইস্যুতে দল, ধর্ম ও মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।