মিরপুরে মায়ের গলিত মরদেহ উদ্ধারের ঘটনায় যুগ্ম সচিব ছেলেকে প্রত্যাহার

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১১:২৫ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে বাসা থেকে ৭৫ বছর বয়সী নূর জাহান বেগমের গলিত মরদেহ উদ্ধারের ঘটনায় তার ছেলে এ কে এম আনিসুর রহমানকে মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম সচিব) পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে তাকে তাৎক্ষণিকভাবে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

নূর জাহান বেগমের মৃত্যুর ঘটনায় সন্তানদের অবহেলার অভিযোগ সামনে আসার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। জানা গেছে, তার আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং এক মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট যুগ্ম সচিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ শুরু করে। এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য গ্রহণসহ বিধি অনুযায়ী সব প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নূর জাহান বেগম যে বাসায় থাকতেন তার পরিবেশ ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা। মরদেহ উদ্ধারের সময় সেটি পচনধরা অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ। সংশ্লিষ্ট কর্মকর্তারা মরদেহে পোকার উপস্থিতিও দেখতে পেয়েছেন।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, একজন প্রবীণ মায়ের এমন করুণ মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনাটিকে অমানবিক বলে মন্তব্য করেছেন।

এদিকে ঘটনাটির পর ২০১৩ সালের পিতা-মাতার ভরণপোষণ আইন আবারও আলোচনায় এসেছে। আইনে সন্তানদের পিতা-মাতার ভরণপোষণ, চিকিৎসা ও নিয়মিত খোঁজখবর নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে। আইন অমান্য করলে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা বা অনাদায়ে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495