হাসিনা আপার রেখে যাওয়া সমর্থকদের পাশে আছি: মির্জা ফখরুল
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০৯:৫১ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের হাসিনা আপা ভারতে চলে গেছেন, তিনি সেখানে গেছেন ভালো করেছেন। কিন্তু এলাকার সমর্থক ও কর্মীদের বিপদের মুখে ফেলে কেন রেখে গেলেন—সে প্রশ্ন থেকেই যায়। তিনি বলেন, আমরা কর্মী-সমর্থকদের আশ্বস্ত করতে চাই, আপনারা বিপদে পড়বেন না, আমরা আপনাদের পাশে আছি। যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে, আর যারা অন্যায় করেনি তাদের কোনো শাস্তি হতে দেওয়া হবে না।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের দেবীপুর শোল্টোহরি বাজার ও সদর উপজেলার দেবীপুর আদর্শ গ্রামে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় জামায়াতকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, একটি দল বলছে তাদের ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। কোনো মার্কায় সিল দিলেই যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে সবাই জান্নাতেই চলে যেত। তিনি বলেন, জান্নাতে যেতে হলে আল্লাহর তুষ্টি অর্জন করতে হবে, নামাজ-রোজা পালন করতে হবে। বিভ্রান্তিকর স্বপ্ন দেখিয়ে মানুষকে ভুল পথে নেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
দেশ পরিচালনার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, অভিজ্ঞতা থেকে বলছি—বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নেওয়ার মতো সক্ষমতা বর্তমানে আর কারও নেই। বিএনপি অতীতে ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করেছে, কিন্তু জামায়াতের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই।
তিনি আরও বলেন, আমরা হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে চাই। বিভেদ সৃষ্টি করার কোনো সুযোগ নেই। বক্তব্যের শেষাংশে তিনি বিএনপির বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং ভবিষ্যতে এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।