লিঙ্গ পরিচয় গোপনের অভিযোগে ছাত্রদল নেতাকে অব্যাহতি

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পিএম

সমালোচনার মুখে অবশেষে সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতাকে ‘লিঙ্গ পরিচয় গোপন’ করার অভিযোগে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

অব্যাহতি পাওয়া ওই নেতা হলেন কলেজ কমিটির সাংস্কৃতিক সম্পাদক রেদোয়ান ইসলাম। রোববার জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মামুন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ব্যক্তিগত তথ্য গোপন রাখা এবং সংগঠনের নিয়মবহির্ভূত কার্যক্রমের দায়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান ও সদস্যসচিব সমীর চক্রবর্তী এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

এর আগে গত শনিবার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে রেদোয়ান ইসলামের লিঙ্গ পরিচয় নিয়ে আলোচনা শুরু হয়।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী বলেন, “কমিটি দেওয়ার আগে জীবনবৃত্তান্তে রেদোয়ান ইসলাম নিজেকে পুরুষ হিসেবে উল্লেখ করেন। কিন্তু পরে জানা যায়, তিনি অপারেশনের মাধ্যমে পুরুষ থেকে নারী হয়েছেন। তথ্য গোপন করার কারণেই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

অন্যদিকে রেদোয়ান ইসলাম একটি ভিডিও বার্তায় বলেন, “অনেকে বুঝে না বুঝে মন্তব্য করছেন। সাংস্কৃতিক অঙ্গনে কাজ করার জন্যই আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু এখন বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, যেন এটি বড় কোনো রাজনৈতিক পদ। আমি মনে করি, যোগ্যতার ভিত্তিতেই কাজের মূল্যায়ন হওয়া উচিত, ব্যক্তি ছেলে না মেয়ে—তা বড় বিষয় নয়।”

ঘটনাটি ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ভিন্নমুখী প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495