জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: জামায়াত আমির
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পিএম
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, বিএনপি জাতির সঙ্গে ধোঁকা, প্রতারণা ও গাদ্দারি করে তাদের রাজনৈতিক যাত্রা শুরু করেছে।
রোববার রাজধানীর কাকরাইলে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় অভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবার ও আন্দোলনের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বিএনপি দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, জুলাই মাসে যারা শহীদ হয়েছেন তারা কোনো নির্দিষ্ট দলের সম্পত্তি নন, কিন্তু তাদের নাম ব্যবহার করে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা হচ্ছে।
তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের ব্যবহার করে সংসদে প্রভাব বিস্তার এবং দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হয়েছে।
এদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না হলে তারা রাজপথে নামতে বাধ্য হবেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণআন্দোলনের মাধ্যমেই তাদের দাবি আদায় করা হবে।