আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি: শহীদ ফাইয়াজের বাবা

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১১:৫১ এএম

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজের বাবা আলহাজ্ব শহিদুল ইসলাম ভূইয়া অভিযোগ করে বলেছেন, দেশের তরুণরা ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করা, ভোটাধিকার ফিরিয়ে আনা এবং বৈষম্য ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে জীবন দিয়েছে। কিন্তু এখন তারা নব্য স্বৈরাচারের ইঙ্গিত দেখতে পাচ্ছেন।

শনিবার জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

শহিদুল ইসলাম ভূইয়া বলেন, ঐকমত্য কমিশন সংবিধান সংস্কারের যে প্রতিবেদন দিয়েছে, সরকার তা বাস্তবায়নে গড়িমসি করছে। গণভোটের রায় কোনো পরিবর্তন ছাড়া পূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। যে সংবিধান তার ছেলেসহ হাজারো শহীদের প্রাণ নিয়েছে, যে সংবিধান স্বৈরাচারের জন্ম দিয়েছে এবং জনগণের ভোটাধিকার হরণ করেছে—এ ধরনের সংবিধান তিনি আর দেখতে চান না। তিনি এমন একটি সংবিধান চান যাতে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদ ফিরে না আসে এবং কোনো ছাত্রকে জীবন দিতে না হয়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীকেও উদ্দেশ করে বলতে চাই, আপনি একসময় মজলুম ছিলেন। আপনার পরিবারও বলেছিল, ক্ষমতায় এলে তারা পুরোনো সংবিধান পরিবর্তন করবে। তাই সংবিধান মানুষের জন্য, মানুষ সংবিধানের জন্য নয়। দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

জুলাইযোদ্ধা কামরুল হাসান বলেন, কোনো ধরনের পরিবর্তন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তা না হলে আবারও সংসদ ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।

সমাবেশে জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধারা উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495