সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা ডা. তাহের

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে দাবি করেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।

আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে ডা. তাহের বলেন, বর্তমানে রাজাকার ও আলবদর প্রসঙ্গ তোলা হলেও এটি এখন আর প্রাসঙ্গিক নয়। তার ভাষ্য, সংসদে উপস্থিতদের মধ্যে কেউই রাজাকার বা আলবদরের সঙ্গে জড়িত ছিলেন না।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বে থাকা ব্যক্তিরা দেশের রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গ উঠলে তাকেও সেই পরিচয়ের আওতায় আনতে হবে বলে উল্লেখ করেন তিনি। এ সময় নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে দাবি করেন এই সংসদ সদস্য।

নিজের বক্তব্যে তিনি জানান, সীমান্তবর্তী এলাকায় তাদের বাড়ি হওয়ায় মুক্তিযুদ্ধের সময় ভারতে যাওয়ার পথে অনেক মানুষ সেখানে আশ্রয় নিতেন। তখন আশ্রয়প্রার্থীদের খাবারের ব্যবস্থা করা হতো এবং আশপাশে সেনাবাহিনীর টহল আছে কি না, তা নজর রাখা হতো।

এছাড়া পরিস্থিতি অনুকূলে থাকলে সীমান্ত পার হতে যাওয়া মানুষদের পথনির্দেশনাও দেওয়া হতো বলে জানান তিনি। এসব কার্যক্রমের প্রেক্ষিতে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে উল্লেখ করার যৌক্তিকতা রয়েছে বলে মন্তব্য করেন ডা. তাহের।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495