বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১১:৪৩ পিএম
বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যা দিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। বর্ধিত দাম প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে দলটি বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।
বুধবার (৩ জুন) এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে, তা সম্পূর্ণ গণবিরোধী।
বিবৃতিতে আরও বলা হয়, সরকার সাধারণ মানুষের পকেট কাটার মতো সিদ্ধান্ত নিয়েছে। আসন্ন বাজেটকে সামনে রেখে তড়িঘড়ি করে এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করবে। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে এমনিতেই নিম্ন ও মধ্যবিত্ত মানুষ কষ্টে আছে, তার ওপর বিদ্যুতের দাম বাড়ানোকে ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে শিল্প ও কৃষি খাতে উৎপাদন খরচ বেড়ে যাবে, ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা আসবে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়বে, যা সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলবে।
তিনি আরও অভিযোগ করেন, বিদ্যুৎ খাতে দুর্নীতি, অপচয় এবং ক্যাপাসিটি চার্জের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাটের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। জনগণের প্রতি দায়বদ্ধতা থাকলে এমন সিদ্ধান্ত নেওয়া হতো না বলেও মন্তব্য করেন তিনি।
বিদ্যুৎ খাতে দুর্নীতি ও অপচয় বন্ধ এবং মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে ৪ জুন বিকেল ৫টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।