কুড়িগ্রামের রৌমারীতে এসিল্যান্ডের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ, ইট-পাটকেল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১১:৫২ এএম

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারীতে শ্যালো মেশিন ছাড়া তেল বিক্রি না করার ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা। এ সময় উত্তেজিত কৃষকদের পক্ষ থেকে ওই কর্মকর্তাকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে রৌমারীর ব্রহ্মপুত্র ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুর থেকে ডিজেল বিক্রির কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পাম্পে উপস্থিত হয়ে সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান মাইকে ঘোষণা দেন যে শ্যালো মেশিন ও জেনারেটর ছাড়া ডিজেল বিক্রি করা হবে না। এ ঘোষণার পরই সাধারণ কৃষকরা ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি এক পর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে কৃষকদের একটি অংশ ওই কর্মকর্তাকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

পরবর্তীতে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে চাপের মুখে পাম্প কর্তৃপক্ষ কৃষকদের কাছে ডিজেল বিক্রি করতে বাধ্য হয়।

কৃষকদের অভিযোগ, ৫০০ টাকার ডিজেলে তারা প্রত্যাশিত পরিমাণ তেল পাচ্ছেন না, বরং প্রায় ৪ থেকে সাড়ে ৪ লিটার করে ডিজেল দেওয়া হচ্ছে। এছাড়া পাম্প মালিক স্বজনপ্রীতি করে তেল বিক্রি করছেন বলেও অভিযোগ ওঠে।

অন্যদিকে, পাম্পে দায়িত্বরত ট্যাগ কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, পেট্রোল পরিমাপ করে সঠিক পাওয়া গেছে, তবে ডিজেল এখনও যাচাই করা হয়নি। অভিযোগ পেলে তা পরিমাপ করে দেখা হবে বলে তিনি জানান।

সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান বলেন, কৃষকরা লাইনে দাঁড়িয়ে ছিলেন এবং শ্যালো মেশিন ও জেনারেটর ছাড়া ডিজেল দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়। এ সময় কে বা কারা তার দিকে ইটের টুকরো নিক্ষেপ করে, তবে দায়ী ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495