কসবায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত, আহত আরও ২০

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১০:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর বাতানবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোপীনাথপুর ইউনিয়নের মানিক্যমুড়ি এলাকার হেবজু মিয়ার ছেলে মুরসালিন এবং মধুপুর গ্রামের মৃত মহরম আলীর ছেলে নবীর হোসেন। নিহত মুরসালিন গোপীনাথপুর আলহাজ শাহ আলম ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে সীমান্ত এলাকায় কয়েকজন বাংলাদেশি চোরাকারবারিকে লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় মুরসালিন ও নবীর হোসেনকে বিএসএফ সদস্যরা নিয়ে যায়। পরে ভারতের ত্রিপুরা রাজ্যের বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় আহতদের মধ্যে কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলেও জানা গেছে।

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, গভীর রাতে প্রায় ১৫ জন বাংলাদেশি ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় পাথারিয়াদ্বার সীমান্ত দিয়ে ভারতের ভেতরে প্রবেশ করেন। পরে চোরাচালানি পণ্য নিয়ে ফেরার সময় ভারতের ৪৯ বিএসএফ ব্যাটালিয়নের টহল দল তাদের বাধা দেয়।

তিনি বলেন, এ সময় বিএসএফ সদস্যদের সঙ্গে বাংলাদেশিদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে বিএসএফ সদস্যরা দুই রাউন্ড ছররা গুলি ছোড়ে। এতে মুরসালিন ও নবীর হোসেন গুরুতর আহত হন। পরে বিএসএফ বিজিবিকে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল শরিফুল ইসলাম জানান, বিএসএফ কমান্ড্যান্টের সঙ্গে যোগাযোগ করে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনার প্রক্রিয়া চলছে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিমিউল ইসলামও সীমান্তে দুই বাংলাদেশির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495