বিশ্বকাপে ৬৫ হাজার স্বেচ্ছাসেবকের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১১:৪৭ পিএম
বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসর ‘ফিফা বিশ্বকাপ’ শুরু হতে আর মাত্র ৮ দিন বাকি। ৪৮টি দেশের অংশগ্রহণে রেকর্ড ১০৪টি ম্যাচ এবং ইতিহাসের অন্যতম ব্যয়বহুল এই আসর ঘিরে এখন বিশ্বজুড়ে উত্তেজনা তুঙ্গে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে আয়োজিত এই বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মাঝেও তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস।
এবারের আসরে বিশেষ অর্জন নিয়ে আলোচনায় এসেছেন ফারজিন গনি। তিনি ২০২৬ সালের বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র স্বেচ্ছাসেবক হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রায় ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে তিনি একমাত্র বাংলাদেশি প্রতিনিধি।
জানা গেছে, বিশ্বকাপে দায়িত্ব পালনের জন্য তিনি ২ জুন টরন্টোর উদ্দেশে যাত্রা করেন। স্টেডিয়াম পরিচালনা, দর্শক সেবা, টিকিট ব্যবস্থাপনা এবং মিডিয়া সহায়তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন এসব স্বেচ্ছাসেবক।
ফিফা জানিয়েছে, ভলান্টিয়ারদের জন্য প্রশিক্ষণ, থাকা-খাওয়া এবং টুর্নামেন্ট চলাকালীন প্রয়োজনীয় সুবিধা দেওয়া হবে। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে এই আসর। ভলান্টিয়াররা বিশ্বের শীর্ষ ফুটবলারদের কাছ থেকে সরাসরি অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগ তৈরির সুযোগ পাবেন।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, স্বেচ্ছাসেবীরাই ফিফা টুর্নামেন্টের প্রাণ। তারা নিজেদের দেশকে প্রতিনিধিত্ব করার পাশাপাশি বিশ্বকাপ আয়োজনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।