চার মাসে তিন ক্ষেপণাস্ত্র পরীক্ষা: সামরিক সক্ষমতা দেখাল পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১১:৪৭ পিএম
চার মাসের মধ্যে তৃতীয়বারের মতো নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। সর্বশেষ দেশীয়ভাবে নির্মিত ‘তাইমুর’ এয়ার-লঞ্চ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল ফ্লাইট পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর।
শনিবার (৩ ডিসেম্বর) আইএসপিআর জানায়, ‘তাইমুর’ ক্ষেপণাস্ত্রটি ৬০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।
এর আগে, গত ৩০ সেপ্টেম্বর ২০২৫ সালে পাকিস্তান সেনাবাহিনী দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘ফাতাহ-৪’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। আইএসপিআরের তথ্যমতে, ওই ক্ষেপণাস্ত্রটির পাল্লা ছিল ৭৫০ কিলোমিটার। এরপর ঠিক দুই মাস পর, ২৬ নভেম্বর নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ থেকে নিক্ষেপযোগ্য জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষাও চালায় দেশটি।
আইএসপিআর আরও জানায়, ‘তাইমুর’ ক্ষেপণাস্ত্রটি অত্যাধুনিক নেভিগেশন ও গাইডেন্স সিস্টেমে সজ্জিত। এটি খুব কম উচ্চতায় উড়তে সক্ষম, যার ফলে শত্রুপক্ষের বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
এই পরীক্ষামূলক উৎক্ষেপণকে পাকিস্তানের প্রযুক্তিগত সক্ষমতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় সেনাবাহিনীর অটল প্রতিশ্রুতির প্রমাণ হিসেবে উল্লেখ করেছে আইএসপিআর।
তবে বিশ্লেষকদের মতে, একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে প্রতিবেশী দেশ ভারতসহ দক্ষিণ এশিয়ায় নিজেদের সামরিক সক্ষমতা ও শক্তিমত্তার বার্তা দিচ্ছে পাকিস্তান।