খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৬:৫৪ পিএম
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর রাষ্ট্রীয় জানাজা স্থগিত করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, চলমান সংঘাত পরিস্থিতিতে অভূতপূর্ব জনসমাগমের আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানী তেহরান-এ তার রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
রাষ্ট্রীয় সম্প্রচারে ঘোষণা করা হয়, “শহীদ ইমামের বিদায়ী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরে জানানো হবে।”
গত শনিবার ইরান-এর রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ৮৬ বছর বয়সী খামেনি। তার মৃত্যুতে দেশজুড়ে টানা ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। এর আগে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি-এর নেতৃত্বে ইসলামী বিপ্লবে সক্রিয়ভাবে অংশ নেন তিনি। সর্বোচ্চ নেতা হওয়ার আগে ১৯৮০-এর দশকে ইরাকের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে অংশ নেওয়ার সময় তিনি ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
খামেনির মৃত্যু ও জানাজা স্থগিতের ঘটনায় দেশজুড়ে সৃষ্টি হয়েছে গভীর শোক ও উদ্বেগ।