যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধিদল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১০:১৩ পিএম
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনা ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বিষয়টি জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
ইরানের এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
তবে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক শান্তি আলোচনা হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। বিশেষ করে লেবানন ইস্যুকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।
গত বুধবার (৭ এপ্রিল) ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। সে সময় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, লেবাননও এই যুদ্ধবিরতির আওতায় থাকবে। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েক ঘণ্টার মধ্যেই সেই ঘোষণা প্রত্যাখ্যান করেন।
এরপর থেকেই লেবাননে ধারাবাহিক হামলা চালাতে থাকে ইসরায়েল। এসব হামলায় এখন পর্যন্ত প্রায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১ হাজার ২০০ জন।
এমন পরিস্থিতিতে ইরান স্পষ্ট শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্রকে আলোচনায় বসতে হলে আগে লেবাননে হামলা বন্ধ করতে হবে। তবে এখনো পর্যন্ত সেই শর্ত মানেনি ইসরায়েল। ফলে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে।