২০০৮ সালের পর জন্ম নেওয়া নাগরিকদের ধুমপান নিষিদ্ধ করছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:০৩ পিএম

ছবি: সংগৃহীত

আগামী প্রজন্মকে সম্পূর্ণ ধূমপানমুক্ত রাখতে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে যুক্তরাজ্য সরকার। ২০০৮ সালের পর জন্ম নেওয়া নাগরিকদের কাছে সব ধরনের তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে, যার লক্ষ্য একটি “ধূমপানমুক্ত প্রজন্ম” তৈরি করা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, তামাক ও ভ্যাপ সম্পর্কিত বিলটি ইতোমধ্যে দেশটির পার্লামেন্টের উভয় কক্ষে অনুমোদন পেয়েছে। এখন শুধু রাজকীয় অনুমোদনের অপেক্ষা, যা মিললেই এটি আনুষ্ঠানিক আইনে পরিণত হবে।

নতুন এই আইনের আওতায় ২০০৯ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্মগ্রহণকারী কোনো ব্যক্তির কাছে তামাক বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ধাপে ধাপে দেশে তামাকজাত পণ্যের ব্যবহার বন্ধ করাই সরকারের মূল লক্ষ্য।

বিলটি ২০২৪ সালের ৫ নভেম্বর প্রথম উত্থাপন করা হয়। দীর্ঘ সংসদীয় প্রক্রিয়া শেষে হাউস অব কমন্সের সংশোধনী হাউস অব লর্ডস অনুমোদনের মাধ্যমে এটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

নীতিনির্ধারকদের মতে, এই উদ্যোগ ভবিষ্যতে ধূমপানের আসক্তির চক্র ভাঙতে সহায়ক হবে এবং স্বাস্থ্যঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে।

পরিসংখ্যান বলছে, শুধু ইংল্যান্ডেই প্রতি বছর ধূমপানজনিত কারণে প্রায় ৪ লাখ মানুষ হাসপাতালে ভর্তি হন এবং প্রায় ৬৪ হাজার মানুষের মৃত্যু ঘটে। এছাড়া ক্যান্সার ও হৃদরোগসহ তামাকজনিত রোগের চিকিৎসায় জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থা এনএইচএস-এর ব্যয় বছরে কয়েক বিলিয়ন পাউন্ডে পৌঁছায়।

যুক্তরাজ্যের স্বাস্থ্য সচিব ওয়েস স্ট্রিটিং বলেছেন, এই বিল জনস্বাস্থ্যের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ। এটি ভবিষ্যৎ প্রজন্মকে তামাকের ক্ষতি ও আসক্তি থেকে সুরক্ষা দেবে এবং একটি সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495