নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ১০:৩৬ এএম

ছবি: সংগৃহীত

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় টার্কিশ এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার সকালে ঘটে যাওয়া এ ঘটনায় মুহূর্তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, বিমানের চাকায় আগুন ধরে গেলে দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে বিমানবন্দর কর্তৃপক্ষ। পরে বিমানে থাকা ২৭৮ জন যাত্রী ও ১১ জন ক্রুসহ মোট ২৮৯ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

জানা গেছে, ‘টিকে ৭২৬’ ফ্লাইটটি তুরস্কের ইস্তাম্বুল থেকে কাঠমান্ডুতে পৌঁছায়। রানওয়েতে অবতরণের সময় হঠাৎ বিমানের চাকায় আগুন দেখা দেয়। সঙ্গে সঙ্গে বিমানবন্দরের দমকল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরকে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ বিমানবন্দর হিসেবে ধরা হয়। পাহাড়ঘেরা এই বিমানবন্দরটি ‘টেবল টপ’ ধরনের হওয়ায় এখানে বিমান ওঠানামায় পাইলটদের বাড়তি সতর্কতা ও দক্ষতার প্রয়োজন হয়। অতীতেও এই বিমানবন্দরে একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক ও হুড়োহুড়ি শুরু হয়। তবে বিমানকর্মীদের সহায়তায় সবাই দ্রুত নিরাপদে বের হয়ে আসেন।

নেপাল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষ হওয়ার আগে দুর্ঘটনার কারণ নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495