যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ছাড়াল ৭০ হাজার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১১:০৫ এএম
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও দখলদার ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৭০ হাজার ১০০ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৯০০ জনেরও বেশি।
এমন মর্মান্তিক পরিস্থিতির মধ্যেই গত মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি হলেও প্রায় প্রতিদিনই ইসরায়েল নতুন করে হামলা চালাচ্ছে।
শনিবার (২৯ নভেম্বর) সকালে খান ইউনিসের পূর্বদিকে বানী সুফাইলা এলাকায় ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসাকর্মীরা জানান, আল-ফারাবি স্কুলের কাছে সাধারণ মানুষের ওপর ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হলে দুই ভাই—জুমা এবং ফাদি তামের আবু আসি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে তাদের নাসের মেডিক্যাল কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
শনিবার গাজায় স্থল, নৌ ও বিমান—তিন দিক থেকেই ইসরায়েলি বাহিনী নতুন করে হামলা চালায়। চিকিৎসা সূত্রের তথ্যমতে, খান ইউনিসের উত্তর-পূর্বাঞ্চলীয় আল-কারারা এলাকায় গোলাবর্ষণ ও বোমাবর্ষণে অন্তত তিনজন ফিলিস্তিনি আহত হয়েছেন।
এছাড়া গাজা সিটির তুফফাহ এলাকা এবং রাফাহর পূর্ব দিকেও সকালে ইসরায়েল বিমান হামলা চালায়। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের মহাপরিচালক ইসমাইল আল-থাওয়াবতা জানান, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েল কমপক্ষে ৫৩৫ বার এ চুক্তি লঙ্ঘন করেছে।