পদত্যাগ করলে তো আর এখানে বসতাম না: স্বরাষ্ট্র উপদেষ্টা

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ পিএম

ছবি: সংগৃহীত

নিজের পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, “পদত্যাগ করলে তো আর এখানে বসতাম না।”

সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ডাকসু নেতাসহ বিভিন্ন পক্ষের পক্ষ থেকে তার পদত্যাগের দাবি ও সাম্প্রতিক গুঞ্জনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি স্পষ্টভাবে বিষয়টি নাকচ করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ নিয়ে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। তিনি জানান, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের আগমন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, লক্ষ্মীপুরে এক বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ ও শিশুমৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় কেএমপি কমিশনারের সঙ্গে কথা হয়েছে এবং বিস্তারিত জানানো হবে। এছাড়া ময়মনসিংহে পোশাকশ্রমিক হত্যাকাণ্ডে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২:

আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১৮তম সভায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অগ্রগতি পর্যালোচনা করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গত ১৩ ডিসেম্বর শুরু হওয়া এ অভিযানে ২০ ডিসেম্বর পর্যন্ত ৬ হাজার ৫৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভিত্তিক গ্রেফতারসহ মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫০৫ জনে।

অভিযানে ৫৬টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও কার্তুজ, দেশীয় অস্ত্র, গ্রেনেড, মর্টারের গোলা এবং বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশে দুই হাজার চেকপোস্ট বসানো হয়েছে।

বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট:

বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, এ সময় কোনো ধরনের আতশবাজি, রাস্তা অবরোধ বা ব্লকেড করা যাবে না। প্রতিটি গির্জায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে।

রাজধানীর গুলশান, বনানীসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে। ট্রাফিক স্বাভাবিক রাখতে ডিএমপিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং নগরজুড়ে টহল ও তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495