পাম্পে তেল নেওয়ার জন্য আলাদা লাইন চায় পুলিশ

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২১ পিএম

ছবি: সংগৃহীত

দেশজুড়ে জ্বালানি সংকট ও পাম্পে দীর্ঘ লাইনের কারণে দায়িত্ব পালন করতে গিয়ে চরম দুর্ভোগে পড়ছেন পুলিশ সদস্যরা। এ পরিস্থিতিতে তাদের জন্য জ্বালানি পাম্পে পৃথক লাইন চালু করে অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

সংগঠনটির মতে, এই ব্যবস্থা কার্যকর হলে জরুরি অভিযান, টহল কার্যক্রম এবং আইন-শৃঙ্খলা রক্ষার কাজে গতি আসবে। পাশাপাশি জনগণকে দ্রুত ও কার্যকর সেবা দেওয়া সম্ভব হবে।

শুক্রবার (১৭ এপ্রিল) পুলিশ মহাপরিদর্শক বরাবর পাঠানো এক চিঠিতে এ দাবি তুলে ধরা হয়। এতে স্বাক্ষর করেন অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার এবং সাধারণ সম্পাদক মনিরুল হক ভাবলু।

চিঠিতে উল্লেখ করা হয়, আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন, মামলা তদন্ত, আসামি গ্রেপ্তার, জরুরি অভিযান পরিচালনা, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা এবং ট্রাফিক নিয়ন্ত্রণসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে দিনরাত কাজ করে যাচ্ছে পুলিশ। এসব দায়িত্ব পালনের সময় অনেক ক্ষেত্রেই ব্যক্তিগত মোটরসাইকেল, সরকারি কিংবা ভাড়া করা যানবাহন ব্যবহার করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে হয়।

কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেশের বিভিন্ন জ্বালানি পাম্পে তেল নিতে সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে পুলিশ সদস্যদের। এতে একদিকে যেমন মূল্যবান সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে জরুরি সেবা প্রদানও ব্যাহত হচ্ছে।

চিঠিতে আরও বলা হয়, অভিযানে আসামি গ্রেপ্তার, টহল কার্যক্রম, তদন্তে দ্রুত উপস্থিতি কিংবা দুর্ঘটনা ও দুর্যোগে তাৎক্ষণিক সাড়া দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজে বিলম্ব দেখা দিচ্ছে। এমনকি অনেক সময় জরুরি প্রয়োজনে লাইনের বাইরে গিয়ে তেল নিতে গেলে অপ্রীতিকর পরিস্থিতি, জনঅসন্তোষ এবং ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখেও পড়তে হচ্ছে তাদের।

এ অবস্থায় জনস্বার্থ বিবেচনায় দেশের সব সরকারি ও বেসরকারি জ্বালানি পাম্পে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের জন্য পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে আলাদা লাইন বা বিশেষ বুথে অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

পুলিশ অ্যাসোসিয়েশন মনে করে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে পুলিশ সদস্যদের কাজের গতি বাড়বে এবং জনগণ আরও দ্রুত ও কার্যকর সেবা পাবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495