শহীদ ওসমান হাদির জানাজা ছিল পরিকল্পিত নকশা, ষড়যন্ত্রের উপরের ষড়যন্ত্র: নিলুফার মনি
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ পিএম
সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনি বলেছেন, শহীদ ওসমান হাদির জানাজা কোনো স্বাভাবিক ঘটনা ছিল না, বরং এটি ছিল একটি ‘মেটিক্যুলাস ডিজাইন’ বা পরিকল্পিত নকশা। তিনি দাবি করেন, এর পেছনে রয়েছে ষড়যন্ত্রের ওপর আরেকটি বড় ষড়যন্ত্র। তবে জানাজায় যারা বিবেকের তাড়নায় অংশ নিয়েছেন, তাদের উদ্দেশে তিনি এ মন্তব্য করেননি বলেও স্পষ্ট করেন।
সম্প্রতি একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের ‘সমঝোতার রাজনীতি’ শীর্ষক টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন নিলুফার মনি। আলোচনায় তার সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-২ আসনের প্রার্থী হাসান আল মামুন।
টকশোতে গণঅধিকার পরিষদ অন্য কোনো রাজনৈতিক জোটে যুক্ত হলে বিএনপির জন্য তা চ্যালেঞ্জ হবে কিনা—এমন প্রশ্নের জবাবে নিলুফার মনি বলেন, জামায়াতের একটি পরিকল্পিত নকশা এখনো সক্রিয় রয়েছে। এ প্রসঙ্গ টেনে তিনি শহীদ হাদির জানাজার বিষয়টি উল্লেখ করেন এবং একে ‘ঐতিহাসিক’ নয়, বরং ‘মেটিক্যুলাস ডিজাইন’ বলে আখ্যা দেন।
তিনি আরও বলেন, এই নকশার হিসাব অন্য জায়গায় গিয়ে মিলে এবং এর মাধ্যমে ভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা হয়েছে। তার দাবি, সারা বাংলাদেশ থেকে লোক জড়ো করা হয়েছিল একটি তথাকথিত বিপ্লবী সরকার গঠনের উদ্দেশ্যে। যদিও তিনি বলেন, এটি তার ব্যক্তিগত বক্তব্য নয়, অতীতে একাধিক সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের আশঙ্কা প্রকাশ করেছেন।
তবে উপস্থাপক এ ধরনের কোনো দৃশ্যমান লক্ষণ দেখা যায়নি বলে মন্তব্য করলে নিলুফার মনি বলেন, সংসদ ভবনের দিকে লোকজন দৌড়ানোর ঘটনাসহ বিভিন্নভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে। তিনি আরও ইঙ্গিত দেন, রাজনীতির আড়ালে নানা অপরাজনীতি ও রহস্যজনক ঘটনার বিষয় রয়েছে, যার সময় উপযোগী ব্যাখ্যা পরে দেওয়া হবে।