জামায়াত পরিশুদ্ধ বলেই মুক্তিযোদ্ধাদের সঙ্গে জোট হয়েছে: অলি আহমদ

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১২:৩৬ পিএম

জামায়াত পরিশুদ্ধ বলেই মুক্তিযোদ্ধাদের সঙ্গে জোট হয়েছে: অলি আহমদ। ছবি: সংগৃহীত

জামায়াত এখন পরিশুদ্ধ বলেই মুক্তিযোদ্ধা ও বীরবিক্রমরা তাদের সঙ্গে জোটে এসেছেন বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। তিনি বলেন, পরিশুদ্ধ না হলে জামায়াতের সঙ্গে মুক্তিযোদ্ধাদের একসঙ্গে পথ চলা সম্ভব হতো না।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। অলি আহমদ জানান, সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা একত্রিত হয়েছেন।

তিনি বলেন, যারা বাংলাদেশকে দ্বিতীয়বার স্বৈরাচারমুক্ত করেছে এবং সবাইকে মুক্তভাবে কথা বলার সুযোগ করে দিয়েছে, সেই তরুণদের একটি বড় অংশ ছিল জামায়াতের কর্মী। তারা দ্বিতীয়বার দেশকে স্বৈরাচারমুক্ত করেছে। আর আমি প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। এখন আমরা সবাই একসঙ্গে হয়েছি।

জামায়াতের সঙ্গে সম্পর্কের বিষয়ে অলি আহমদ বলেন, এলডিপি জামায়াতে যোগ দেয়নি, আবার জামায়াতও এলডিপিতে যোগ দেয়নি। আমাদের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ নয়, আমাদের প্রতীক ‘ছাতা’। মুক্তিযুদ্ধের শক্তি ও জুলাইয়ের শক্তি একত্রিত হয়েছে। আমরা আসন সমঝোতা করেছি। যে আসনে আমরা প্রার্থী দেব, সেখানে জামায়াত প্রার্থী দেবে না এবং তারা যেখানে প্রার্থী দেবে, সেখানে আমরাও প্রার্থী দেব না।

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে এলডিপি সভাপতি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের কোনো বিরোধ নেই। তবে দিল্লিতে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে বাস্তবায়নের মতো বেইমানি ও মোনাফেকির রাজনীতিতে তারা যাবে না। বাংলাদেশ কীভাবে চলবে, তা দেশের জনগণই ঠিক করবে।

তিনি আরও বলেন, আমরা ভারতের দালাল হতে চাই না। যারা দালালি করছে, তাদের চিহ্নিত করে প্রতিরোধ করতে হবে। অর্থ ও নারীসহ নানা লোভে পড়ে তারা বাংলাদেশের স্বার্থ ভারতের কাছে বিক্রি করতে চায়।

অলি আহমদ বলেন, আমরা মোদির গোলাম কিংবা অমিত শাহর গোলাম হয়ে কাজ করব না। বাংলাদেশের জনগণই ঠিক করবে, দেশ কীভাবে চলবে।

উল্লেখ্য, গত রোববার (২৮ ডিসেম্বর) লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে যোগ দেয়। এর মধ্য দিয়ে জোটটি ১০ দলীয় জোট হিসেবে আত্মপ্রকাশ করে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495