৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল পেলাম না: নাসীরুদ্দীন পাটওয়ারী
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৭:১০ পিএম
বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকটের প্রভাব এবার স্পষ্টভাবে পড়েছে বাংলাদেশেও। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল না পাওয়ার অভিযোগ করছেন গ্রাহক ও পরিবহন চালকেরা।
এ অবস্থায় নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি জানিয়েছেন, টানা চার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তিনি তেল পাননি। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা উল্লেখ করেন। তার পোস্টে অনেকেই একই ধরনের ভোগান্তির কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহে বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাব এসে পড়েছে দেশীয় বাজারেও। গত কয়েকদিন ধরে অধিকাংশ পেট্রোল পাম্পে তেল সংকট দেখা দিয়েছে। কোথাও কোথাও তেল পাওয়া গেলেও দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে সাধারণ মানুষকে। অনেক ক্ষেত্রে আট থেকে নয় ঘণ্টা দাঁড়িয়েও তেল মিলছে না।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এর প্রতিবাদে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে।
এই সংঘাতের জেরে ইরানের নিয়ন্ত্রণাধীন গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেছে। বিশ্বের মোট তেল সরবরাহের একটি বড় অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। ইরান ঘোষণা দিয়েছে, এই প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের কাছে কোনো তেল সরবরাহ করা হবে না।
এদিকে হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য ইরানকে সময়সীমা বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। নির্ধারিত সময়ের মধ্যে প্রণালি চালু না করলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।