আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১২:৪৬ এএম

ছবি: সংগৃহীত

আবারও আন্দোলনের প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দল-মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ রয়েছে এবং এই লড়াই কোনো দল বা জোটের নয়, বরং বাংলাদেশকে রক্ষা করার লড়াই।

রোববার (১২ এপ্রিল) দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জুলাইয়ের শহীদ পরিবার ও আন্দোলনের যোদ্ধাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানকে রক্ষা করা এবং শহীদদের রক্তের যথাযথ মর্যাদা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তিনি স্বীকার করেন, অন্তর্বর্তী সরকারের সময় সব ক্ষেত্রে পাশে দাঁড়ানো সম্ভব হয়নি, তবে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে তিনি বর্তমান সরকারের প্রতি প্রশ্ন তোলেন—তারা জুলাই যোদ্ধা ও সংস্কারের জন্য বাস্তবে কতটা কাজ করছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত জুলাই অধিদপ্তর ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কিছু উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করলেও অনেক ক্ষেত্রে অনীহা লক্ষ্য করা যাচ্ছে।

নাহিদ ইসলাম উপস্থিত সবাইকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এটি কোনো দলের বিষয় নয়; বরং দেশের অস্তিত্ব রক্ষার প্রশ্ন। তিনি জানান, সবাই আবারও রাজপথে নামার জন্য প্রস্তুত।

সভায় উপস্থিত অংশগ্রহণকারীদের উদ্দেশে তিনি বলেন, আন্দোলনে কেউ সন্তান হারিয়েছেন, কেউ হাত-পা হারিয়েছেন। এবার তাদের সামনে না রেখে নেতৃত্বদানকারীরাই সামনের সারিতে থাকবেন।

তিনি বলেন, “গুলির মুখে পড়লে আগে আমাদের বুকে লাগবে। আপনারা শুধু আমাদের পাশে থাকবেন ও দোয়া করবেন। ইনশাআল্লাহ, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবেই।”

নাহিদ ইসলাম আরও বলেন, দেশবিরোধী যেকোনো শক্তি—তা রাজনৈতিক হোক বা বৈদেশিক—প্রতিহত করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495