ছাত্রদল সভাপতির দুঃখপ্রকাশ
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০২:২০ পিএম
শাহবাগ থানায় ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে দুঃখপ্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে শাহবাগ এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ দুঃখপ্রকাশ করেন।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, দিনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ছাত্রদলের পক্ষ থেকে তিনি দুঃখ প্রকাশ করছেন। একই সঙ্গে তিনি আহত চারজন সহযোদ্ধার প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন এমন কোনো পরিস্থিতি তৈরি না করেন, যা ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বা সংঘর্ষের রূপ নিতে পারে।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে পাঁচজন শাহবাগ থানায় গিয়েছিলেন। তবে সবাইকে সঙ্গে নিয়ে এলে বিষয়টি আরও সমন্বিতভাবে সমাধান করা যেত। তাদের অন্যান্য সহকর্মীদের সঙ্গে আলোচনা চলছিল, কিন্তু তারা সরাসরি থানায় চলে যাওয়ায় পরিস্থিতি জটিল হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ছাত্রদল সভাপতি দাবি করেন, এ ধরনের ঘটনার ছবি ও ফটোকার্ড দেখে দলটির নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন ধৈর্য ধরার পর এখন তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। একই সঙ্গে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ‘নোংরা প্রোপাগান্ডা’ সম্পর্কে ছাত্রসমাজ ও দেশের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।