দেশে গণতন্ত্র ফেরাতে হলে নির্বাচনই একমাত্র পথ: মির্জা ফখরুল

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১০:৫৪ এএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র উপায় হলো নির্বাচন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (এফএসডিএস) আয়োজিত ‘জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ : জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, “নির্বাচনই একমাত্র বিকল্প। যত দ্রুত নির্বাচন হবে, দেশ ততই মঙ্গলময় হবে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পার্লামেন্ট নির্বাচিত করবে, যা দেশের অমীমাংসিত ইস্যুগুলো সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “রাষ্ট্রের মালিক হলো জনগণ। জনগণের প্রতিনিধি কে হবে, তা নির্ধারণ করবে পার্লামেন্ট। আমাদের গণতন্ত্র চর্চা করতে হবে। আমরা যে মানুষের জন্য লড়াই করেছি, তারা আমাদের এই সুযোগ করে দিয়েছেন। তাই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।”

মহাসচিব উল্লেখ করেন, “আমার নির্বাচনী এলাকায় ঘুরে দেখেছি, সাধারণ মানুষ আনুপাতিক প্রতিনিধিত্ব বা জটিল রাজনৈতিক কাঠামো বুঝতে পারেন না। তাই জনগণকে আরও কাছে নিয়ে নিয়ে কাজ করতে হবে। নির্বাচনের পরে যারা একত্রিত হয়ে ফ্যাসিস্ট বিরোধী সংগ্রামে লড়াই করেছে, তাদের সঙ্গে একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে, যা প্রমাণ করে আমরা সত্যিকারের ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।”

সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, হাফিজ উদ্দিন আহমেদ, শিক্ষাবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী, ‘আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমানসহ বিভিন্ন পেশার বিশেষজ্ঞরা।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495