ভারতে না গেলে বিশ্বকাপ থেকে বাদ পড়বে বাংলাদেশ, বিকল্প দল নেবে আইসিসি
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০৮:২৮ পিএম
ভারতে অনুষ্ঠিতব্য ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলে বিকল্প দল অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বুধবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত আইসিসির বোর্ডসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এক দিন সময় দিয়েছে আইসিসি।
নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে দল না পাঠানোর বিষয়টি বিসিবি আইসিসিকে জানালে বিষয়টি নিয়ে বোর্ডসভায় ভোটাভুটি হয়। সভায় সংখ্যাগরিষ্ঠ ভোটে বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল নেওয়ার পক্ষে সিদ্ধান্ত আসে। তবে সিদ্ধান্ত কার্যকরের আগে বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত মতামত জানাতে বলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।
ক্রিকইনফোর খবরে বলা হয়, বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে গিয়ে খেলতে রাজি না হলে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হতে পারে।
ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বুধবার সন্ধ্যায় আইসিসির ভার্চুয়াল সভা শুরু হয়। এতে বাংলাদেশের পক্ষে অংশ নেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সভায় আরও উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসীন নাকভি, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিত সাইকিয়া এবং অন্যান্য সদস্য দেশের প্রতিনিধিরা।
আইসিসির পক্ষ থেকে এ গুরুত্বপূর্ণ সভায় সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা, হেড অব ইভেন্টস ও লিগ্যাল অফিসার প্রতিনিধিত্ব করেন।