নির্বাচনে দেশের জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে: ঢাবি শিবির সভাপতি
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫১ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি ও ডাকসুর এজিএস মু. মহিউদ্দিন খান।
চট্টগ্রামের মিরসরাইয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগসহ দেশব্যাপী বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে নারী নির্যাতনের প্রতিবাদে সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাবি শাখা শিবির আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে মু. মহিউদ্দিন খান বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা আন্দোলনে নেমেছেন এবং সেই আন্দোলন অব্যাহত রয়েছে। তিনি দাবি করেন, গত দেড় বছরে বিএনপির কর্মকাণ্ড নিয়ে শত শত পৃষ্ঠার অভিযোগনামা তৈরি হয়েছে এবং নারী নিপীড়নের ঘটনাগুলো দেশবাসীর সামনে এসেছে।
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, মিডিয়া ব্ল্যাকআউটের মাধ্যমে অপকর্ম আড়াল করা সম্ভব হবে না। জনগণই এখন সবচেয়ে বড় মাধ্যম বলে মন্তব্য করেন তিনি।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে ঢাবি শিবির সভাপতি বলেন, যাদের হাতে মা-বোনদের নিরাপত্তা নেই, তাদের প্রতিহত করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করবে।
সমাবেশে ঢাবি শাখা শিবিরের সেক্রেটারি আশিকুর রহমান বলেন, নারীদের সম্মান ও নিরাপত্তা রক্ষায় শিবির কোনো আপস করবে না। তিনি দাবি করেন, ছাত্র সংসদ নির্বাচনে নারী শিক্ষার্থীদের আস্থা শিবিরের প্রতি বেশি ছিল।
তিনি আরও বলেন, অতীতে নারীদের ওপর হামলার ঘটনায় দায়ীদের পালিয়ে যেতে হয়েছে এবং ভবিষ্যতে কাউকে ছাড় দেওয়া হবে না।
শাখা শিবিরের সাংগঠনিক সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খান বলেন, একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যাপক অপরাধের অভিযোগ রয়েছে। তিনি দাবি করেন, বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী গত দেড় বছরে সংঘটিত অধিকাংশ অপরাধের সঙ্গে বিএনপির সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।
তিনি বলেন, এসব ঘটনা আড়াল করার চেষ্টা করা হলেও জনগণের কাছ থেকে সত্য লুকানো যাবে না।
এর আগে সন্ধ্যা ৭টায় ঢাবির ভিসি চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।